ছাত্রীনিবাসে ভর্তি হইবার পর তত্ত্বাবধায়ক প্রত্যেক ছাত্রীর কক্ষ নির্দিষ্ট করিয়া দিবেন এবং ছাত্রীকে ঐ নির্দিষ্ট কক্ষে বাস করিতে হইবে। তত্ত্বাবধায়ক প্রয়োজনবোধে যে কোন ছাত্রীর কক্ষ পরিবর্তন করিয়া দিতে পারিবেন এবং এব্যাপারে তাঁহার নির্দেশই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। প্রত্যেক ছাত্রীকে নিজের বিছানাপত্র সঙ্গে আনিতে হইবে। নিজ কক্ষ সর্বদা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে হইবে। কক্ষে কোন রকম রান্নাবান্না করা চলিবে না।
প্রত্যেক ছাত্রীকে আহারের নির্দিষ্ট সময়ের মধ্যে ( সকাল ৮-০০ টা হইতে ৯-০০ টা ,দুপুর ১-০০ টা হইতে ৩-০০ টা এবং সন্ধ্যা ৭-০০ হইতে ৮-৩০ মিঃ) আহার সমাধা করিতে হইবে। কেহ অনুপস্থিত থাকিতে চাহিলে সকাল ৮-০০ টার মধ্যে তাহা ম্যানেজারকে জানাইতে হইবে। অন্যথায় সংশ্লিষ্ট ছাত্রীকে ঐ দিনের মিল চার্জ বহন করিতে হইবে। কোন ছাত্রী কক্ষে খাবার লইয়া যাইতে পারিবে না। শুধমাত্র অসুস্থতার কারণে তত্ত্বাবধায়কের অনুমতিক্রমে কক্ষে খাবার পরিবেশন করা যাইতে পারে।
প্রত্যেক ছাত্রীকে নুতন মেস চালু হইবার ০৩ দিনের মধ্যে শারীরিক অসুস্থ্যতা ব্যতীত মেসের প্রদেয় সম্পূর্ণ টাকা পরিশোধ করিতে হইবে। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির মাধ্যমে হোস্টেল মেস বন্ধ থাকিলে উক্ত সময়ের জন্য নির্ধারিত মিল চার্জ প্রদান করিতে হইবে না।
ছাত্রীদেরকে নির্ধারিত মিল চার্জ প্রতি ১৫ দিনের জন্য ১ম দিকে সম্পূর্ণরূপে পরিশোধ করিতে হইবে এবং গেষ্ট চার্জ দিন প্রতি নির্ধারিত হারে টাকা জমাদান সাপেক্ষে হোস্টেল মেসে খাইতে পারিবে। বিশেষ পরিস্থিতিতে ইহার পরিবর্তন হইতে পারে।
কোন ছাত্রী ক্লাস চলাকালীন সময়ে (অসুস্থ্যতা বা জরুরী প্রয়োজন ছাড়া) ছুটি নিতে পারিবে না ।
হোস্টেলের কোন ছাত্রী বিনা অনুমতিতে একনাগাড়ে এক মাসের বেশী অনুপস্থিত থাকিলে তাহার সিট বাতিল করা হইবে এবং তাহাকে পুনরায় হোস্টেলে ভর্তি হইতে হইবে। ছাত্রীনিবাসের ফিস ও কলেজের মাসিক বেতন একত্রে প্রতিমাসে নির্ধারিত সময়ে পরিশোধ করিতে হইবে।
হোস্টেলের প্রত্যেক ছাত্রীর বিবাহিত এবং সপরিবারে সাতক্ষীরায় বসবাস করেন এমন একজন স্থানীয় অভিভাবক থাকিতে হইবে। যে কোন জরুরী পরিস্থিতিতে ঐ স্থানীয় অভিভাবক সংশ্লিষ্ট ছাত্রীকে নিজ দায়িত্বে ছাত্রী নিবাস হইতে লইয়া যাইতে বাধ্য থাকিবেন।
ক্লাশ চলাকালীন সময়ে হোস্টেলে অবস্থানরত কোন ছাত্রী যুক্তিসংগত কারণ ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকিতে পারিবে না।
হোস্টেলে ভর্তি হইবার এক মাসের মধ্যে ছাত্রীদের নিজ অর্থে কর্তৃপক্ষের নিকট হইতে অভিভাবকদ্বয়ের পরিচয়পত্র সংগ্রহ করিতে হইবে।
ভর্তি ফরমে উল্লেখিত সাক্ষাৎ প্রার্থীগণই কেবলমাত্র বৃহস্পতিবার সকাল ৮-০০ টা থেকে ৯-০০ টা পর্যন্ত এবং বেলা ২-০০ টা থেকে সুর্য্যাস্ত পর্যন্ত সংশ্লিষ্ট ছাত্রীর সহিত সাক্ষাৎ করিতে পারিবেন। সাক্ষাৎ করিবার সময় উক্ত অভিভাবককে অবশ্যই পরিচয়পত্র দাখিল করিতে হইবে। পরিচয়পত্র ছাড়া কোন অভিভাবক হোস্টেল ছাত্রীর সঙ্গে দেখা করিতে পারিবেন না। উক্ত পরিচয়পত্র অধ্যক্ষ / তত্ত্বাবধায়ক কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে।
কর্তৃপক্ষের বিনা অনুমতিতে হোস্টেলের কোন ছাত্রী কলেজ গেটের বাহিরে যাইতে পারিবে না। কেবল সপ্তাহে একদিন (সোমবার ) দুপুর ২-০০ টার পর তাহাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করিবার জন্য বাহিরে যাইতে পারিবে। তবে বিশেষ প্রয়োজনে উক্ত নিয়ম শিথিল করা যাইতে পারে। হোস্টেল ক্যাম্পাসের বাহিরে যাওয়ার সময় নির্দিষ্ট রেজিষ্টারে প্রত্যেক ছাত্রীকে স্বাক্ষর করিতে হইবে। প্রতি বৃহস্পতিবার বিকাল বা শুক্রবারে স্থানীয় অভিভাবক নিজে আসিয়া হোস্টেল কর্তৃপক্ষের অনুমতিক্রমে সংশ্লিষ্ট ছাত্রীকে বাসায় লইয়া যাইতে পারিবেন। সূর্য্যাস্তের ( মাগরিবের আজানের) পূর্বে প্রত্যেক ছাত্রীকে ছাত্রী নিবাসে ফিরিয়া আসিতে হইবে।
দ্বাদশ শ্রেণীতে কেহ সীট বাতিল করিতে চাহিলে তাহাকে পরবর্তী জুন পর্যন্ত হোস্টেল সংক্রান্ত সমূদয় পাওনা পরিশোধ করিতে হইবে।
কলেজের গ্রীষ্মকালীন, রমজান, শরৎকালীন, পূজা ও শীতকালীন ছুটিতে ছাত্রী নিবাস বন্ধ থাকিবে। ঐ সময় ছাত্রীদেরকে ছাত্রী নিবাস ত্যাগ করিয়া চলিয়া যাইতে হইবে। তবে বিশেষ প্রয়োজনে অবকাশকালীন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী হোসেটলে অবস্থান করিতে চাহিলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করিবেন।
প্রত্যেক ছাত্রীকে রাত (৭-০০ টা হইতে ৯-০০ টা পর্যন্ত) নির্দিষ্ট হাজিরা খাতায় হাজিরা দিতে হইবে।
অধ্যক্ষের পূর্বানুমতি ছাড়া ছাত্রী নিবাসে কোন রকম সভা বা সমাবেশের আয়োজন করা চলিবে না।
রাত্র ১২-০০ টায় প্রত্যেক কক্ষে সমস্ত আলো নিভাইয়া দিতে হইবে এবং ভোর ৫-০০ টার আগে আলো জ্বালানো চলিবে না। সন্ধ্যার পর ছাত্রীরা নিজ কক্ষে অথবা অন্য কক্ষে গিয়া গল্প গুজব করিতে পারিবে না। রাত ১০-৩০ মিনিটে হোস্টেলের প্রধান গেট বন্ধ করিয়া দেওয়া হইবে।
সূর্য্যাস্তের ( মাগরিবের আজানের ) পর কোন ছাত্রী কলেজ গেটের বাহিরে থাকিতে পারিবে না।
হোস্টেল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন ছাত্রী তাহার কোন মহিলা আত্মীয়-স্বজনকে অথবা ব্যক্তিগত অতিথীকে অনুমোদিত কক্ষ ব্যতীত অন্য কোন কক্ষে আনিতে পারিবে না।
হোস্টেল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন ছাত্রী রুমের ভিতরে অতিরিক্ত কোন বৈদ্যুতিক সংযোগ নিতে এবং কোন হিটার ব্যবহার করিতে পারিবে না।
অভিভাবকের পূর্ব অনুমতি অথবা দরখাস্ত ছাড়া কোন ছাত্রী বাড়ীতে যাইতে পারিবে না।
হোস্টেলে অবস্থানকারী কোন ছাত্রী নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকিলে বা কোন পরীক্ষায় অনুত্তীর্ণ, নন-কলেজিয়েট এবং ডিস-কলেজিয়েট হইলে তাহাদের সীট বাতিল করা হইবে।
কোন ছাত্রীর প্রাইভেট পড়ার প্রয়োজন হইলে লিখিত আবেদন করে কর্তৃপক্ষের অনুমতি লইতে হইবে।
কোন ছাত্রী হোস্টেলে শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করিলে কর্তৃপক্ষ উক্ত ছাত্রীর সিট কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল করিবেন।